প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবাকে খুন করল ছেলে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ছেলের ছুরিকাঘাতে মো. বেলাল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল উদ্দিন পলাতক রয়েছেন। প্রেমিকার সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করেন অভিযুক্ত হেলাল।
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম উপজেলার পূর্ব সুরলিক্কা গ্রামের আবুল বাশারের ছেলে। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাটিয়ারীর হাসনাবাদ গ্রামে বসবাস করে আসছেন তিনি।
স্থানীয়রা জানান, হেলালের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। ঐ মেয়েকে বিয়ে করতে চান তিনি। কিন্তু ছেলের বয়স কম বলে এখনই বিয়ে করাতে রাজি ছিলেন না বাবা বেলাল হোসেন। এ নিয়ে বাবার সঙ্গে হেলালের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করেন তিনি। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বেলাল হোসেনের মৃত্যু হয়।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, পারিবারিক কলহের জেরে বাবা এবং ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে বাসার আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এ সময় বাবা তাকে বাধা দিতে গেলে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় যান। লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।