ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অন্তঃসত্ত্বাকে গলাটিপে মারলেন স্বামী-শাশুড়ি

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৪, ১১ সেপ্টেম্বর ২০২২
অন্তঃসত্ত্বাকে গলাটিপে মারলেন স্বামী-শাশুড়ি
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার দৌলতখানে যৌতুক দাবিকে কেন্দ্র করে চার মাসের অন্তঃসত্ত্বাকে স্বামী ও শাশুড়ি গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলাউদ্দিন মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটেছে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ সময় নিহতের স্বামী রাসেল (২৫) ও শাশুড়ি নিলুফা বেগমকে আটক করা হয়েছে।

নিহতের পিতা সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নসু বেপারী জানান, ১০ মাস আগে আমার মেয়ে রত্নার (১৯) সঙ্গে চরখলিফা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আলাউদ্দিন মিস্ত্রির ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। দাবি অনুযায়ী রত্নার স্বামী ওয়ার্কসপ ব্যবসায়ী রাসেলকে এক মাস আগে একটি মোটরসাইকেল ও ব্যবসার জন্য দেড় লাখ টাকা দেওয়া হয়। রাসেল এরপর ওয়ার্কসপের মালামাল কেনার জন্য আরো ৫০ হাজার টাকা দাবি করেন। শনিবার দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রত্নার স্বামী রাসেল ও শাশুড়ি নিলুফা তাকে গলা টিপে হত্যা করেন।

Advertisement

এদিকে রাসেল জানান, সকালে তার স্ত্রী রত্না অজ্ঞাত কোনো ছেলের সঙ্গে কথা বলছিল। এ সময় তার মোবাইলটি নিয়ে গেলে সে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!