ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় রেলওয়ের জায়গা নিয়ে বাণিজ্য, অভিযানে উচ্ছেদ

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৪ সেপ্টেম্বর ২০২২
বগুড়ায় রেলওয়ের জায়গা নিয়ে বাণিজ্য, অভিযানে উচ্ছেদ
অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ফেলা হচ্ছে (ছবি: ডেইলি বাংলাদেশ)

বগুড়ার শহরের স্টেশন রোডের বীর মুক্তিযোদ্ধা হাসেন আলী সরকার রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেটের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সময় ব্যবসায়ীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বুধবার দুপুরে শহরের স্টেশন রোডের ওই মার্কেটে অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব। এ সময় প্রায় ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানগুলো ভেঙে ফেলা হয়।

ব্যবসায়ীরা বলছেন, উচ্ছেদ অভিযানের চলাকালীন একপর্যায়ে মার্কেটের সভাপতি হায়দারের ছেলে রায়হানকে মারধর করা হয়। রায়হান ব্যবসায়ীদের কাছে দোকান বিক্রি করে ও ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। শুধু রায়হানই নন, ওই মার্কেট নির্মাণ ঠিকাদার আব্দুল মান্নান আকন্দও একই কাজ করেন। তিনিও ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়গুলো নিয়েই আব্দুল মান্নান আকন্দের লোকজন রায়হানকে মারধর করেন। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ব্যবসায়ীদের অভিযোগ, তাদের দোকানঘর ভেঙে ফেলা হয়েছে। অথচ প্রতিটি দোকান ভাড়া নিতে বা কিনতে দেড় লাখ থেকে আট লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে। এই টাকা আব্দুল মান্নান আকন্দ ও সভাপতির ছেলে রায়হান নিয়েছেন। এখন এই দু’পক্ষই দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।

বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট জায়গাটি লিজ নেয়। তবে মার্কেট নির্মাণে মানা হয়নি নিয়ম-নীতি। আইন অমান্য করে পার্কিংয়ের ১২ হাজার ৬০০ বর্গফুট জায়গায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়নি।

তিনি আরো জানান, পার্কিংয়ের জায়গা সংরক্ষণের ভিত্তিতে অভিযানে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!