মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন
কুষ্টিয়ায় মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- জেলার কুমারখালী উপজেলার পূর্ব লাহিনীপাড়া আব্দুল কুদ্দুসের ছেলে ৪৭ বছর বয়সী শাহাদত হোসেন স্বাধীন, পূর্ব থানাপাড়া একতারা মোড় এলাকার জয়েন উদ্দিনের ছেলে ৫৭ বছরের নুরুল ইসলাম মন্টু ও তার স্ত্রী ৫০ বছরের বেদেনা ইসলাম। এর মধ্যে মন্টু ও তার স্ত্রী পলাতক রয়েছেন।
.png)
আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০২০ সালে ২ ফেব্রুয়ারি কাগজ-কলম কিনতে বাড়ি থেকে বের হন কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী। পথে প্রতিবেশী সম্পর্কে চাচা স্বাধীনের সঙ্গে তার দেখা হয়। ওই সময় কাগজ-কলম কেনার কথা বলে তাকে অটোরিকশায় করে সিঙ্গার মোড় এলাকায় নুরুল ইসলামের বাড়িতে নিয়ে যান তিনি। একপর্যায়ে মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনার দিন বিকেলে কুষ্টিয়া মডেল থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার।
এরপর একই বছরের ৩০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই লিপন সরকার। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেয় আদালত।