শনিবার বেলা ১১টায় শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- একই গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের ছেলে সোহাগ হোসেন এবং ওমর ফারুকের ছেলে লিটন হোসেন। আহতরা হলেন- মুন্সি বাড়ির মমতাজ উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন, মুন্সিগাজি তালুকদার বাড়ির ছেরাজুল হকের ছেলে মো. আক্কাস, ঠাকুর বাড়ির আব্দুল মান্নানের ছেলে মো. আবুল কাশেম এবং বেপারি বাড়ির চান মিয়ার ছেলে সোহাগ মিয়া।
জানা যায়, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ঐ গ্রামের মুন্সি বাড়ির ওসমান গনীর বাড়ি থেকে একটি পুরোনো ঘরের বিভিন্ন অংশ বেপারি বাড়ির শরবত আলীর ভিটায় নিচ্ছিলেন। এ সময় বেপারি বাড়ির সামনে ঘরের একটি চালা বহন করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
.png)
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছেন।
শাহরাস্তি মডেল থানার এসআই মো. রোকন উদ্দিন বলেন, দুইজনের লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।