সিলিন্ডারের আগুনে ভস্মীভূত বসতঘর, আহত ৫
কুমিল্লার হোমনায় গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাঁচ স্থানীয় স্বেচ্ছাসেবী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।
রোববার সন্ধ্যায় উপজেলার জয়পুর গ্রামের দরিদ্র আ. লতিফ মিয়ার ঘরে আগুন লাগে। আহতরা হলেন- একই গ্রামের সজীব, জালাল উদ্দিন, সাইফুল, সাইদুল ইসলাম বাবুল ও শাহিন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক আমিনুল ইসলাম জানান, আহত সাইফুল ইসলামকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
.png)
স্থানীয় ইউপির চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা বলেন, লতিফ মিয়ার ঘরের রান্না করার গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। এতে তার বসতঘর ও আসবাবপত্রসহ সব পুড়ে গেছে।
আহত স্বেচ্ছাসেবী সাইদুল ইসলাম বাবুল জানান, রোববার সন্ধ্যায় লতিফ মিয়ার স্ত্রী ঘরের ভেতর সিলিন্ডার গ্যাসে রান্নার জন্য আগুন জ্বালায়। এতে সঙ্গে সঙ্গেই গ্যাসের আগুন ওপরে উঠে যায়। এ সময় ঘরে পাটখড়ি থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তিনিসহ আহত হয়েছেন জয়পুর গ্রামের পাচঁ যুবক। তাদের মধ্যে দুইজনকে তিতাস এবং অন্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। আগুনে লতিফ মিয়ার একটি বসতঘর এবং আসবাবপত্র পুড়ে গেছে। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে ধারণা করেন তিনি।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ উসমান গনি বলেন, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেছে। সিলিন্ডার গ্যাস থেকে আগুনের সূত্রপাত। এতে অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।