আড়াইহাজারে অস্ত্র-ককটেলসহ ৯ ডাকাত আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে নয় ডাকাতকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি ককটেল, তিনটি ছোরা, একটি কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একইসঙ্গে একটি রূপার চেইন, নগদ ২৪ হাজার ৯০০ টাকা এবং নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার সরাবদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ডাকাতদলের প্রধান আড়াইহাজারের গোপালদীর আবু তালেবের ছেলে আবুল কাশেম, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর তেজখালীর নীল মিয়ার ছেলে মো. বাবু, আড়াইহাজারের কাজীপাড়ার আব্দুল হামিদের ছেলে ওমর ফারুক, গোপালদী দাইরাদির মোস্তফার ছেলে লিটন, মারুয়াদীর নূর মোহাম্মদের ছেলে মো. সবুজ, নরসিংদীর মাধবদী চকড়িয়ার রশিদ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, আড়াইহাজারের জুকারদিয়ার আলম ভূইয়ার ছেলে রুমন ভূইয়া, গোপালদী গাজীপুরার মো. আলমের ছেলে মো. আশরাফুল এবং কলাগাছিয়ার করিম মিয়ার ছেলে জুয়েল রানা।
.png)
র্যাব জানায়, সম্প্রতি আড়াইহাজারে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। গত ১৯ সেপ্টেম্বর রাতেও হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদি চকেরবাড়ি এবং উদয়দী গ্রামের আটটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ সময় ডাকাতদলের মারধরে পাঁচজন আহত হন। লুট করা হয় স্বর্ণালঙ্কার, নগদ টাকা। সম্প্রতি ঘটে যাওয়া ডাকাতির ঘটনাগুলো পর্যালোচনা করে প্রতিটি ঘটনা প্রায় একইরকম বলে জানতে পারে র্যাব। পরে গোয়েন্দা নজরদারি চালিয়ে সরাবদী এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে নয়জনকে আটক করা হয়। তারা গত ১৯ সেপ্টেম্বরের ডাকাতির ঘটনাতে জড়িত ছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।