ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা: ২৪ আসামির বিচার শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩০, ৩ অক্টোবর ২০২২
ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা: ২৪ আসামির বিচার শুরু
ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ৩০ অক্টোবর সাক্ষীর দিন ধার্য করা হয়েছে।

সোমবার সকালে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগর পিপি বীর মুক্তিযোদ্ধা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, সোমবার সুদীপ্ত হত্যা মামলার চার্জ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানি শেষে ২৪ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। আগামী ৩০ অক্টোবর সাক্ষীর জন্য দিনও ধার্য করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, চার্জ গঠনের সময় ২৪ জন আসামির মধ্যে ২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। আবু জিহাদ সিদ্দিক নামে একজন অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।  

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় নিজ বাসার সামনে খুন হন নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস। ওই ঘটনায় মামলা করেন তার বাবা মেঘনাথ বিশ্বাস। ওই মামলায় ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময়ে গ্রেফতার হন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!