ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার  

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ৪ অক্টোবর ২০২২
২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার  
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যার ২৭ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোছা. শামসুন্নাহারকে গ্রেফতার করেছে র‍্যাব। শামসুন্নাহার ফুলবাড়িয়া উপজেলার হুরবাড়ি গ্রামের জোবেদ আলীর মেয়ে। 

মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৪এর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১৪ এএসপি বেলায়েত হোসেন বলেন, হুরবাড়ী গ্রামের জোবেদ আলীর ছেলে আব্দুল আউয়ালের সঙ্গে মনোয়ারা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য মনোয়ারা বেগমকে নির্যাতন শুরু করে স্বামী। এ নিয়ে বিরোধের জের ধরে ১৯৯৪ সালের ১১ ডিসেম্বর রাতে অন্তঃসত্ত্বা মনোয়ারা বেগমকে স্বামী আব্দুল আউয়াল, বোন সামছুন্নাহার ও হাফেজা খাতুন এবং তাদের ভাতিজা সাইফুল ইসলাম পরস্পর যোগসাজসে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। 

Advertisement

পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে মনোয়ারা বেগমের মুখে বিষ দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালায় আসামিরা। ঘটনাটি মনোয়ারা বেগমের ভাই শহিদুল্লাহ'র সন্দেহ হলে তিনি একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আসামি সামছুন্নাহারসহ এজাহারনামীয় সকল আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এএসপি বেলায়েত হোসেন আরো বলেন, সম্প্রতি আদালত যাবজ্জীবন সাজ্জাপ্রাপ্ত পলাতক আসামি শামসুন্নাহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুন্নাহার দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ছদ্মবেশে পালিয়ে ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!