২৫ ফুট গভীরে ১১ ঘণ্টা মাটিচাপা, জীবিত উদ্ধার
রংপুরের বদরগঞ্জে প্রায় ২৫ ফুট গভীর কূপে মাটিচাপা পড়েছিলেন আবুল হাসান নামে এক যুবক। এরপর ১১ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়।
শনিবার রাত ১টার দিকে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে আবুল হাসানসহ চারজন শ্রমিক বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা গ্রামে বাবলু দাশের বাড়িতে টয়লেটের কূপ খনন করতে যান। প্রায় ২৫ ফুট গভীর একটি কূপ খনন করে রিং বসাচ্ছিলেন তারা। দুপুর ২টার দিকে পাশের আরেকটি কূপ খনন করে রিং বসানোর সময় মাটি ধসে গেলে আবুল হাসান মাটিচাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেন। পরে বদরগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা একযোগে উদ্ধার কাজ পরিচালনা করে রাত ১টার দিকে আবুল হাসানকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারের পর প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, আবুল হাসান ২৫ ফুট গভীরে এমনভাবে মাটিচাপা পড়েছিলেন যে তাকে জীবিত উদ্ধার করা খুবই কঠিন ছিল। কারণ কূপের ভেতর দাঁড়ানোর জায়গা ছিল না। পরে চাপা পড়া মাটি-বালু সরিয়ে রাত ১টার দিকে তাকে জীবিত উদ্ধার করা হয়।