ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৭, ১৩ জুন ২০২২
আত্মহত্যা করতে নদীতে ঝাঁপ, দেড় ঘণ্টা পর জীবিত উদ্ধার
গড়াই নদী থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে ঝাঁপ দিয়ে এক ব্যাংক কর্মচারীর আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনার দেড় ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার সকালে ঐ উপজেলার শেরকান্দি খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

উদ্ধারকৃত মো. আফজাল হোসেন কুমারখালী পৌরসভার তেবাড়িয়া এলাকার আজাহার উদ্দিন মিয়ার ছেলে। তিনি অগ্রণী ব্যাংকের কুমারখালী উপজেলা শাখার কেয়ারটেকার।

Advertisement

তার পরিবারের দাবি- আফজাল বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছেন। এ কারণেই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে পারেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে গড়াই নদীর তেবাড়িয়া খেয়াঘাট এলাকায় নৌকা থেকে ঝাঁপ দেন আফজাল হোসেন। নৌকার মাঝি ও অন্যরা তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনি পানিতে ডুব দিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর খেয়াঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের জিলাপীতলা এলাকায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। সেখান থেকে আফজালকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঐ ব্যাংক কর্মচারীর স্ত্রী নুরজাহান বলেন, আমার স্বামী সকালে হোটেলে লুচি খাওয়ার কথা বলে বের হন। পরে জানতে পারি নদীতে ঝাঁপ দিয়েছেন। তিনি প্রায় মাসখানেক মানসিক রোগে ভুগছেন।

অগ্রণী ব্যাংকের কুমারখালী শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম বলেন, আফজাল ব্যাংকের কেয়ারটেকার হিসেবে কর্মরত। শুনেছি সে নদীতে ঝাঁপ দিয়েছিল। বর্তমানে হাসপাতালে আছে।

কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, নদীতে ঝাঁপ দেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ঐ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত। হাসপাতালে পরিবারের সদস্যরা তার দেখাশোনা করছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!