ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় সিত্রাং: পাথরঘাটায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ২৪ অক্টোবর ২০২২
ঘূর্ণিঝড় সিত্রাং: পাথরঘাটায় আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা 
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব এরই মধ্যেই পাথরঘাটার উপকূলে পড়ে গেছে। দুদিন ধরে পাথরঘাটায় ভারী বৃষ্টি ও জড়ো হাওয়া বইছে। উপকূলের বাসিন্দাদের সিত্রাংয়ের আতংকের পাশাপাশি কৃষি ক্ষেতে পানি জমে থাকায় আমন ধানের ক্ষতির আশঙ্কা কৃষকদের মাঝে।

এদিকে ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, আমন ধান শতকরা ৮০ ভাগ পরিপক্ক হলে অতিসত্ত্বর কেটে ফেলার পরামর্শ দেওয়া হলো। তাদের নির্দেশনা অনুযায়ী পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেও একই পরামর্শ দেয়া হয়েছে।

জানা যায়, সিত্রাংয়ের প্রভাবে গত দুদিন ধরে পাথরঘাটায় বৃষ্টি এবং জোয়ারের পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। কাটাযোগ্য ধান নিয়ে চিন্তায় পড়েছেন কৃষকরা। অনেক জমিতেই পানি জমে গেছে, তবে যেসব জমির পাশে নালা-খালা বা খালের সঙ্গে সংযোগ রয়েছে ওইসব জায়গায় পানি নেমে যেতে পারবে।

Advertisement

তাফালবাড়িয়া গ্রামের কৃষক মো. হাবিবুর রহমান ও মঠেরখাল গ্রামের আ. খালেক বলেন, আমাদের জমির আমন ধান পেকে গেছে। আর এক সপ্তাহের মধ্যেই কাটা যাবে কিন্তু এমন সময় বৃষ্টি ও জোয়ার এসেছে তাতে ধান নিয়ে আমরা চিন্তায় পড়ে গেছি। সময় মতো যদি ধান কাটতে না পারি তাহলে অনেক ক্ষতি হবে।

পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল বলেন, এরই মধ্যেই ক্ষয়ক্ষতির প্রভাব থেকে আমন ফসল রক্ষার জন্য জরুরি পরামর্শ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। আমরা ওই নির্দেশনা অনুযায়ী পাথরঘাটার সব আমন চাষিদের পরামর্শ দেয়া হয়েছে। 

তিনি আরো বলেন, ক্ষেতের চারপাশে উঁচু বাঁধ দিতে হবে যাতে পানির স্রোত দণ্ডায়মান ফসলের ক্ষতি করতে না পারে। এছাড়াও বলা হয়, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ আপাতত বন্ধ রাখতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!