বজ্রপাত ঠেকাতে ১ হাজার তালের চারা রোপণ
জলবায়ুর বিরূপ পরিবর্তনের মাঝে দেশকে ভালো রাখতে এবং বজ্রপাত নিয়ন্ত্রণে ১ হাজার তালবীজ বপনের উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুসভা।
ঝালকাঠি বন্ধুসভা বুধবার সকাল থেকে সপ্তাহব্যাপী তালের বীজ বপন ও চারা রোপণ শুরু করেছে। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন স্থানে-বেড়িবাঁধ, বিলের পার, দিঘির পার, ফসলি মাঠের ফাকা জায়গায়, রাস্তার দু’পাড়ে ১ হাজার তালের বীজ বপণ ও চারা রোপণ করা হবে।
বুধবার সকালে আফছার মেমোরিয়াল বিদ্যালয়ের প্রাঙ্গণে ও বেড়িবাঁধে এ কার্যক্রম শুরু করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যেও চারা বিতরণ করা হয়। বীজ বপণ, চারা রোপণ এবং বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আফছার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির হোসেন খান।
.png)
এ সময় তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে তালের বীজ বপন ও চারা রোপণ একটি যুগোপযোগী এবং পরিবেশ বান্ধব উদ্যোগ। যা এই বিরূপ পরিবেশে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সাহায্য করবে। বন্ধুসভার সদস্যরা তালের বীজ ও চারা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে কার্যক্রম শুরু করেন। পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী কর্মসূচীর মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান সাব্বির হোসেন রানা।
বদলেছে মানুষ, বদলেছে পৃথিবী, বদলেছে জলবায়ু। পরিবর্তনের এ অবিরাম যাত্রায় একবিংশ শতাব্দীর চতুর্থ শিল্পবিপ্লবে এসে দাঁড়িয়েছে বিশ্ব। যেখানে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে পৃথিবীকে রক্ষা করাই প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিগত দুই দশকের জলবায়ু পরিবর্তনের দিকে লক্ষ্য করলেই আসন্ন সংকটের পূর্বাভাস পাওয়াযায়। সুজলা সুফলা শস্য শ্যামলা, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্য, গাছে গাছে পাখির কিচির মিচির শব্দ, পাকা ধানের মৌ মৌঘ্রাণ- এসব এখন শুধু বইয়ের পাতায়ই পাওয়া যায়। বাস্তবে দিন দিন গাছ উজার করায় আমরা বিভিন্ন পরিবেশ বিপর্যয়ের সম্মুখিন হচ্ছি। সরকার পরিবেশ বিপর্যয় রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করলেও তা বাস্তবে কার্যকর খুব কমই হয়। তাই ঝালকাঠি বন্ধু সভার বন্ধুদের এমন উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষায় কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ।