ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ১৬ নভেম্বর ২০২২
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ব্লক-এইস-১৬ এর বশির আহমদের ছেলে মো. আয়াজ, সদর উপজেলার ঝিলংজা ইউপির ২ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ দক্ষিণ হাজীপাড়ার মৃত আবদুল মজিদের ছেলে আবুল কালাম, খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পঞ্চরাম পাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস এম আব্বাস উদ্দিন।

জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় র‍্যাব-১৫ এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝির ঘাটে খুরুস্কুল ব্রিজের উত্তর পাশ থেকে একটি ফিশিং বোটসহ আয়াজ ও বিল্লালকে আটক করে। এ সময় পালিয়ে যায় আরো ৪-৫ জন। পরে ফিশিং বোট তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ও ১০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।  এ ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামি করে ২০১৮ সালের কক্সবাজার সদর মডেল থানায়  মামলা করেন র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার মো. হারুনর রশীদ। 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ।

তিনি জানান, ঐ ঘটনায় মো. বিল্লাল ও মো. আয়াজ তাদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তারা জবানবন্দিতে পলাতক আসামি আবুল কালাম ও আজিমুল্লাহর নাম প্রকাশ করেন। ২০২১ সালের ১০ জুন আদালতে মামলার চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫ এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার। পরে বুধবার দুপুরে বিচারক এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!