ধানক্ষেতে মিলল সাবেক ইউপি সদস্যের মরদেহ
পঞ্চগড়ের বোদা উপজেলায় ধানক্ষেত থেকে আব্দুল বারেক (৫৮) নামে সাবেক এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সোনাপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার মৃত হাসির উদ্দীনের ছেলে ও ময়দানদিঘী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইকেল নিয়ে স্থানীয় কাদেরপুর বাজারের উদ্দেশে যান সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক। রাত ১০টার মধ্যে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করেও বন্ধ পান। পরে পরিবারের সদস্যদের ধারণা করেন, পার্শ্ববর্তী গ্রামে পালাগান শুনতে গেছেন তিনি। তবে ভোর হতে শুরু হলেও তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে বৃহস্পতিবার সকালে বাড়ির কাছের একটি ধানক্ষেতে বারেকের বড় ভাবি হামিদা বেগম তার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।
.png)
পরে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে ঘটনাস্থলে তার মরদেহ পড়ে থাকতে দেখে বোদা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে এটি হত্যা কিনা তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পঞ্চগড়ের পুলিশ সুপার এসএস সিরাজুল হুদা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা ও বোদা থানার ওসি সুজয় রায়।
নিহত আব্দুল বারেকের ছোট ছেলে রাজু ইসলাম জানান, জানি না কে আমার বাবাকে মেরে ফেলেছে। আমার বাবাকে হত্যার বিচার চাই। যারা এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ যেন তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।
পুলিশ সুপার এসএস সিরাজুল হুদা বলেন, সাবেক ইউপি সদস্যের মরদেহের সুরতহালে আমরা তেমন কোনো আলামত পাইনি। ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশ। বোদা থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।