বৃহস্পতিবার দুপুরে উপজেলার সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম শহিদুল ইসলাম। তিনি সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদের ছেলে।
জানা গেছে, প্রায় ছয় মাস ধরে স্কুলে আসা-যাওয়ার পথে সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন শহিদুল। মাঝে মধ্যে প্রেমের প্রস্তাবে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রেমে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সামনেই মেয়েটিকে ছুরিকাঘাত করেন এ বখাটে।
.png)
স্থানীয়রা জানায়, দুপুরে ক্লাস শেষে টিফিনের জন্য বের হচ্ছিল মেয়েটি। বিদ্যালয়ের সামনে যেতেই তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন শহিদুল। তিনি আগে থেকেই ওত পেতে ছিলেন। পরে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর চাচা বলেন, বখাটে শহিদুলকে নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। শেষমেশ ভাতিজিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করল ছেলেটি।
সেন্টমার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল সরকার বলেন, ছেলেটি বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল ওই ছাত্রীকে। দুপুরে তাকে ছুরিকাঘাত করা হয়। বর্তমানে মেয়েটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।