ফেনীতে আর্জেন্টিনার ২০২২ ফুট পতাকা নিয়ে র্যালি
কাতার বিশ্বকাপ ফুটবল ঘিরে উন্মাদনা এখন বিশ্বজুড়ে। সেই উন্মাদনার হাওয়া বইছে বাংলাদেশেও। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফেনীতে ২০২২ ফুট দৈর্ঘ্যের লম্বা পতাকা নিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে ‘আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী’। র্যালিতে ঘোষণা করা হয়েছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে বিশাল আনন্দ র্যালিসহ নানা আয়োজন করা হবে।
শনিবার বিকেলে ফেনী পাইলট হাই স্কুল মাঠ থেকে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াপদা মাঠে গিয়ে শেষ হয়। এতে কয়েক হাজার আর্জেন্টিনার ভক্তানুরাগী অংশ নেন।
আয়োজক কমিটির মূল উদ্যোক্তা ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, আর্জেন্টিনা প্রিয় দল, মেসি প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে তিনি ২০২২ ফুট দৈর্ঘ্যের এ পতাকাটি বানিয়েছেন। প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ র্যালির আয়োজন করেছেন তিনি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুব স্পেশাল। আর্জেন্টিনা এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
.png)
এছাড়া কথা হয় মাইন উদ্দিন সুমন, হানিফ আরিফসহ আরো অনেকের সঙ্গে। তারা জানান, তারা মেসি ও আর্জেন্টিনার ভক্ত। তাই এ র্যালিতে অংশগ্রহণ করেছেন। ফেনীর প্রায় ৭০ ভাগ মানুষ আর্জেন্টিনার সমর্থক। তাদের আশা, এ বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে।