দীর্ঘ চার বছর পর বিশ্বকাপকে কেন্দ্র করে আনন্দে ভাসছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা। প্রতিবারের মতো পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ফুটবল ভক্তদের মাঝে চলছে ফুটবল উন্মাদনা।
এরই ধারাবাহিকতায় উপজেলার দুর্গম পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল মাটিরাঙ্গা পৌর সভার ১নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের যুবকরা তৈরি করেছেন আর্জেন্টিনার এক হাজার ফুট পতাকা। এ পতাকা নিয়ে এলাকার শিশু-কিশোর, তরুণ, যুবক থেকে বিভিন্ন বয়সী মানুষ আনন্দে মেতে উঠেছেন। সবার কণ্ঠে আর্জেন্টিনা বন্দনা। তাদের এ উদ্যোগ ও ভালোবাসাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার আর্জেন্টিনা সমর্থকরা।
.png)
সরেজমিনে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে মাটিরাঙ্গা পৌর সভার ১নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামের তিন যুবক চনি ত্রিপুরা, নুর উদ্দিন ও সোহরাব আর্জেন্টিনার পতাকা বানানোর উদ্যোগ নেন। পরে এলাকার আরো কয়েকজন আর্জেন্টিনা সমর্থক তাদের সঙ্গে একমত হওয়ায় নিজেদের মধ্যে টাকা তুলে পতাকা তৈরির খরচ সংগ্রহ করেন। সেই টাকা দিয়ে আর্জেন্টিনার বিশালাকার পতাকাটি বানানোর কাজ করা হচ্ছে। দুর্গম এলাকায় পর্যাপ্ত কাপড় না থাকায় একসঙ্গে সম্পূর্ণ পতাকা তৈরি করতে পারেননি তারা। ২০০ ফুট পতাকা তৈরি করা হয়েছে। বাকি ৮০০ ফুট পতাকা তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
আর্জেন্টিনার সমর্থক চনি ত্রিপুরা, খগেশ্বর ত্রিপুরা ও সোহরাবসহ বেশ কয়েকজন বলেন, মাটিরাঙ্গার বেশিরভাগ মানুষই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। নিজেদের মধ্যে চাঁদা তুলে এক হাজার ফুট পতাকা বানানো হয়েছে।