বাবা হত্যাকাণ্ডের এক মাস পর স্ত্রীসহ খুনি ছেলের আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবা মোগল মিয়াকে হত্যা ঘটনার প্রায় ১ মাস পর থানায় আত্মসমর্পন করেছেন পুত্র মনির হোসেন ও মনিরের স্ত্রী তানিয়া বেগম।
শনিবার বিকেলে মনির হোসেন তার স্ত্রী তানিয়া বেগম ও সাড়ে তিন বছর বয়সী শিশু কন্যাকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন। পুলিশ তাদেরকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
জানা গেছে, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউপির দেওড়া পশ্চিম পাড়ার মোগল মিয়া দীর্ঘদিন প্রবাসে কাটিয়েছেন। গত কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন। মোগল মিয়ার ২ ছেলে ১ মেয়ের মধ্যে মনির হোসেন সবার বড়। মেয়েকে বিয়ে দিয়েছেন। ৩ সন্তানের জনক মনির হোসেন একজন মাদকসেবী। মোগল মিয়া দেশে আসার পর টাকার জন্য তাকে বিভিন্নভাবে অত্যাচার করতেন মনির।
.png)
গত ২৩ অক্টোবর টাকা না দেয়ায় মনির তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার পর পরই বাড়ি থেকে পালিয়ে যান মনির ও তার স্ত্রী। এ ঘটনায় মনিরের মা জেসমিন বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বাবাকে হত্যার পর অনুশোচনায় পড়েন মনির। গত শনিবার স্ত্রী ও শিশু কন্যাকে নিয়ে সরাইল থানায় আত্মসমর্পন করেন।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. শেহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের সঙ্গে তিন বছরের কন্যা শিশু রয়েছে। আইনানুযায়ী তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।