মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেল স্টেশনের অদূরে খঞ্জনা (বড়নগর) অরক্ষিত লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে একজন মো. আহসান হাবীব তারেক (৩৮)। তিনি ভেটেরিনারি কোম্পানি কেমিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সেলস প্রোমোশনাল অফিসার হিসেবে কাজ করতেন। অপরদিকে, আমিনুল ইসলাম প্রিন্স (৪০)। তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি একজন ভেটেরিনারি চিকিৎসক হিসেবে ‘আমান গ্রুপের’ আমান ফিড লিমিটেডের ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
.png)
নিহত তারেক নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের কুরবানী পাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। অন্যদিকে, প্রিন্স সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেলে করে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা (বড়নগর) এলাকার অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিলেন ওই দুই মোটরসাইকেল আরোহী। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান হাবীব তারেক নিহত হন। এ সময় চিকিৎসক আমিনুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।