ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৬, ২৬ নভেম্বর ২০২২
আগুনে পুড়ল তিন পরিবারের স্বপ্ন
আগুনে ক্ষতিগ্রস্ত ঘর

লক্ষ্মীপুরের রায়পুরে আগুনে তিনটি ঘর পুড়ে গেছে। আগুনে প্রায় ১৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।

শুক্রবার গভীর রাতে উপজেলার চরপাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামবাসী।

ইউপি সদস্য অজয় কৃষ্ণ বলেন, রাতে চরপাঙ্গাসিয়া গ্রামের মাঝি বাড়ির কৃষক রুহুল আমিনের ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ছেলে জামাল হোসেন ও মাহবুব আলমের ঘরে। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আশপাশের লোকজন। কিন্তু এর আগেই ঘরের সব আসবাবপত্র, ধান, সয়াবিন, হাঁস-মুরগি পুড়ে যায়।

Advertisement

দিনমজুর জামাল হোসেন ও মাহবুব বলেন, ঘরে ধান, চাল, সয়াবিন, ভুট্টাসহ খাবারের জিনিস ছিল। পুড়ি সব শেষ হয়ে গেল। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। আমাদের সব স্বপ্ন পুড়ে গেল।

রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুর রশিদ বলেন, দিনমজুর জামালের ঘরে প্রথমে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে তিনটি ঘর পুড়ে যায়। এতে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ বলেন, শনিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের দুই বান টিন ও ছয় হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরে আরো সহযোগিতা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!