ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
মাদারীপুরে ডায়রিয়ার প্রকোপ, একদিনে ভর্তি ৭৫
মাদারীপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় শুধু জেলা সদর হাসপাতালেই ভর্তি হয়েছেন ৭৫ জন; যার ৮০ শতাংশই শিশু। রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।
মাদারীপুর পৌরসভার কালিবাড়ি এলাকার এইচএসসি পরীক্ষার্থী তাহসিন আহম্মেদ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। বেড না পেয়ে বাধ্য হয়ে ব্যক্তিগত চেয়ারে বসেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সদর উপজেলার মহিষেরচর এলাকার ষাটোর্ধ্ব হারেজ মাতবর। হাসপাতালের মেঝেতে ঠাঁই হয়েছে তার। তিন দিন ধরে ভর্তি থেকেও বেড পাননি তিনি।
শুধু তাহসিন আহম্মেদ কিংবা হারেজ মাতবরই নন, তাদের মতো অনেকেই বেড না পেয়ে হাসপাতালের বারান্দা ও মেঝেতে শুয়ে চিকিৎসা দিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে মেঝেতেও দেখা দিয়েছে জায়গা সংকট। এমন পরিস্থিতিতে নাজেহাল অবস্থা ডাক্তার ও নার্সদের।
মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সমন্বয়ক এসই জাসচু বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ জন রোগী। গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন অন্তত ৩০০ জন।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স দুলালী রানী শিকদার বলেন, প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। হিমশিম অবস্থা, আসন সংকট থাকলেও আমরা সাধ্যমতো সেবা দিচ্ছি।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসক শাওলীন আফরোজা বলেন, সচেতনতার অভাবেই ডায়রিয়ায রোগী বেড়েছে। খাবার আগে ও পরে হাত ধোঁয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে এ প্রকোপ কমে যাবে।পরামর্শ দিয়েছেন তিনি।