ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকার জন্য খুন, ১৬ বছর পর বন্ধুর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৭, ১ ডিসেম্বর ২০২২
টাকার জন্য খুন, ১৬ বছর পর বন্ধুর মৃত্যুদণ্ড
জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা

কুমিল্লায় চার হাজার টাকার জন্য বন্ধুকে হত্যা মামলায় মো. ইসমাইল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইসমাইল কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না তিনি।

Advertisement

রাষ্ট্রপক্ষের আইনজীবী রেবেকা সুলতানা বলেন, ২০০৬ সালে রিকশা কেনার জন্য চার হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন দেবিদ্বার উপজেলার সানানগর ফকির বাড়ির শাহজাহান। ওই সময় সঙ্গে ছিলেন তার বন্ধু মো. কবির ও মো. ইসমাইল। তবে শাহজাহান আর বাড়ি ফেরেননি। পরে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন শাহজাহানের স্ত্রী আমেনা বেগম।

কিছুদিন পর মামলায় ইসমাইল ও কবিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ইসমাইল। শাহজাহানকে মাথায় ইট দিয়ে আঘাত করে চার হাজার টাকা লুটে নেন বলে জানান। ঘটনার ১৬ বছর পর আজ ইসমাইলের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে খালাস পেয়েছেন মামলার অপর আসামি কবির।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!