ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে অপহৃত শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ৩ ডিসেম্বর ২০২২
মহেশখালীতে অপহৃত শিশুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
ছবিতে মাহিয়া

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি থেকে অপহৃত ছয় বছর বয়সী কন্যাশিশু মাহিয়ার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পেকুয়া উপজেলার উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিয়া মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ সাইরাডেইল এলাকার আয়াতুল্লাহর মেয়ে।

জানা যায়, মাহিয়া সাইরাডেইল সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। প্রতিদিনের মতো গত বুধবার সকালে সে স্কুলে যায়। কিন্তু বিকেল হয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় মা-বাবাসহ আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে পরদিন তার বাবা মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার বিকেলে উজানটিয়া ডউয়্যাখালী মাছের ঘেরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন।

Advertisement

নিহত মাহিয়ার বাবা আয়াতুল্লাহ জানান, মেয়েকে ফেরত দেবে বলে মোবাইলে একজন তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সেই সূত্র ধরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিকদারপাড়া থেকে জড়িত সন্দেহে নারী-পুরুষসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। আটকের এক দিন পর মাহিয়ার লাশ উদ্ধার করা হয়।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাসান শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!