ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
অবশেষে মুখে হাসি ফুটল গণিতে ফেল করা সেই ৫২ পরীক্ষার্থীর
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসির প্রকাশিত ফলাফলে গণিত পরীক্ষায় ফেল করা সেই ৫২ শিক্ষার্থী পাস করেছেন। তারা সবাই ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি সরকারি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল।
এর আগে ২৮ নভেম্বর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এক হলের এ ৫২ পরীক্ষার্থীকে ফেল দেখানো হয়। পরে বিষয়টি তদন্তের দাবি জানান ভুক্তভোগী পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
জানা গেছে, এবারের এসএসসি পরীক্ষায় আঠারবাড়ি সরকারি কলেজের ৮ নম্বর কক্ষে ব্যবসায় শিক্ষা বিভাগের ৬০ পরীক্ষার্থী অংশ নেন। তারা কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থী। এর মধ্যে ২৮ নভেম্বর এসএসসির প্রকাশিত ফলাফলে ৮ ছাত্রী ছাড়া বাকিরা গণিত বিষয়ে ফেল হয়েছিলেন।
প্রথমে ফেল আসা আঠারবাড়ি সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী ইয়াসিন আরাফাত প্রান্ত বলেন, আমার গণিত পরীক্ষা খুব ভালো হয়েছিল। কিন্তু আগের ফলাফলে আমাকে ফেল দেখানো হয়েছিল। কিন্তু ওই ফল মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। নীরবে অনেক কেঁদেছি। আল্লাহর রহমতে উত্তরপত্র নিরীক্ষণে আমি জিপিএ-৫ পেয়ে পাস করেছি।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল বলেন, পরীক্ষার প্রশ্ন বিতরণের সময় সেট কোড সদস্যা হয়েছিল। এরপর ভুক্তভোগীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের উত্তরপত্র নিরীক্ষণ করা হয়েছে। এতে তারা সবাই পাস করেছেন।