ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আগুনে পুড়ে প্রাণ হারালেন পুলিশ সদস্য, তদন্তে কমিটি

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ৬ ডিসেম্বর ২০২২
আগুনে পুড়ে প্রাণ হারালেন পুলিশ সদস্য, তদন্তে কমিটি
রুবেল আহমেদ

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমেদ নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি হয়েছে। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে’কে এ কমিটির প্রধান করা হয়েছে। এছাড়া দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, একইদিন ভোরে হবিগঞ্জ পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল আহমেদ সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে। রুবেল আহমেদ হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, রুবেল আহমেদসহ কয়েকজন পৌর শহরের ২ নম্বর পুল এলাকার একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয়রা হঠাৎ ঐ ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে সংবাদ দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার লাশ উদ্ধার করা হয়।

Advertisement

এ বিষয়ে পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, রুবেল আহমেদ ২০১১ সালে চাকরিতে প্রবেশ করেন। তার লাশ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিকেলে পুলিশ লাইনে তার জানাজা অনুষ্ঠিত হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!