দিনাজপুরে কটন মিলে আগুন
দিনাজপুরে একটি কটন মিলে আগুন লেগেছে। তবে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের মাতাসাগর এলাকায় মোহাম্মদ আলী কটন মিলে এ ঘটনা ঘটে। এতে মিলের মেশিনসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
স্থানীয়রা জানায়, সকাল থেকে মিলে তুলা উৎপাদন চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ মেশিনে আগুন লাগে। মুহূর্তেই তুলার স্তূপে লেগে যায় আগুন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে নইমুদ্দিন নামে এক শ্রমিক আহত হয়েছেন।
.png)
মোহাম্মদ আলী কটন মিলের মালিক মো. সুজন বলেন, মেশিন থেকে আগুন লেগেছে বলে জেনেছি। এতে আনুমানিক ১৫ লাখ টাকার তুলা পুড়ে গেছে। এছাড়া আগুন নেভানোর কাজে ব্যবহৃত পানিতে অনেক তুলা ভিজে গেছে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা মেহেফুজ তানজিল বলেন, আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।