ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামেকে নিজ শরীরে আগুন দেওয়া সেই রাফি মারা গেছেন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ৮ ডিসেম্বর ২০২২
রামেকে নিজ শরীরে আগুন দেওয়া সেই রাফি মারা গেছেন
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ক্যাম্পাসে নিজ শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা মো. সাইফুর রহমান রাফি মারা গেছেন। বুধবার রামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার মো. বাবুলের ছেলে। এর আগে বুধবার সন্ধ্যা ৭টার দিকে রামেক ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে তিনি নিজের শরীরে আগুন দেন। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান রাফি।  

রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন বলেন, রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাসের নুরুন্নবী হোস্টেলের সামনে নিজ শরীরে আগুন দেন রাফি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) ভর্তি করা হয়।

Advertisement

তিনি আরো বলেন, আগুনে রাফির শরীরের ৯৯ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। হাসপাতালে নেয়ার ঘণ্টা দুয়েক পরেই তার মৃত্যু হয়। রাত ১টার দিকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গিয়ে দাফন করেন।

তবে তার মা জানিয়েছেন, রাফি মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোথাও কাজে যোগ দিলেও করতে পারতেন না। চার-পাঁচ বছর ধরে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তার চিকিৎসা চলছিল। মানসিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

নগরীর রাজপাড়া থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, রাতে রাফির নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া এবং তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত জানি। পরে ছেলেটা মারা গেছে কী না তা জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!