রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে অপহৃত ৮ জেলে উদ্ধার
কক্সবাজারের টেকনাফে মাছ শিকারে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক অপহৃত আট জেলেকে উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে পাহাড় থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
অপহৃত জেলেরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, সৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, অপহরণের পর থেকে পাহাড়ে দফায় দফায় অভিযান চালায় পুলিশ। বুধবার রাতেও অভিযান অব্যাহত ছিল। গভীর রাতে রোহিঙ্গা সন্ত্রাসীদের কবল থেকে তাদের উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, উদ্ধারকৃত আটজনের মধ্যে দুজনকে নির্যাতন করে গুরুতর আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকারে যান ঐ আট জেলে। সেখান থেকে তাদের অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা।