আট জেলে অপহরণ, জনপ্রতি ৩ লাখ টাকা দাবি রোহিঙ্গা সন্ত্রাসীদের
অপহরণের তিনদিনেও খোঁজ মেলেনি কক্সবাজারের টেকনাফে পাহাড়ি খালে মাছ ধরতে যাওয়া আট জেলের। তবে জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো. রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ, কাদের হোসেনের ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, রোববার বিকেলে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে যান ঐ আট জেলে। সেখান থেকে তাদের অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা সন্ত্রাসীরা।
.png)
মোস্তফা ও করিমের বড় ভাই হাবিব উল্লাহ বলেন, খালে মাছ ধরার সময় হঠাৎ পাহাড় থেকে নেমে আটজনকে জিম্মি করে রোহিঙ্গা অস্ত্রধারী সন্ত্রাসীরা। পরে তাদের অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে জানান মোস্তফা। এরপর থেকে তার নম্বরটিও বন্ধ রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম জানিয়েছেন, অপহরণকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা ফোন করে জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।