স্বামীর খোঁজে গিয়ে রোহিঙ্গা নারী আটক
স্বামীর খোঁজে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে আটক হয়েছেন বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রাজিয়া বেগম। এ সময় সঙ্গে ছিলেন তার ভাই খাইরুল আলম।
বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি হেলাপাকড়ি এলাকায় গ্রামের রাস্তায় ঘুরছিলেন দুই তরুণ-তরুণী। দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের ভাষা বুঝতে পারছিলেন না গ্রামবাসীরা। এরপর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের উদ্ধার করে ময়নাগুড়ি থানায় নিয়ে যায়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করলে চোখ কপালে ওঠে পুলিশ কর্মকর্তাদের। তারা জানতে পারেন তারা অনুপ্রবেশকারী। সম্পর্কে তারা ভাই-বোন।
পুলিশ সূত্রে জানা গেছে, বছর পাঁচেক আগে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন তারা। সেখানেই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রাজিয়া। এরপর তার স্বামী উধাও হয়ে যান। খোঁজ চালাতে গিয়ে রাজিয়া বেগম জানতে পারেন তার স্বামী ভারতে রয়েছেন। এরপর দুই ভাই-বোন মিলে ঠিক করেন ভারতে ঢুকে তারা খোঁজ করবেন।
.png)
এরপর সীমান্ত পেরিয়ে স্বামীর খোঁজে এসে বুধবার বিকেলে ময়নাগুড়ি হেলাপাকড়ি অঞ্চলে স্থানীয়দের হাতে ধরা পড়েন। এরপর তাদের পুলিশ গ্রেফতার করে।
ঘটনায় জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, প্রাথমিক জেরার পর তারা রোহিঙ্গা বলে পরিচয় দেয়। আটককৃতদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে তুলে হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে।