ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কানে হেডফোন দিয়ে শুনছিলেন গান, ট্রেনের ধাক্কায় নিথর সাগর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ২৫ ডিসেম্বর ২০২২
কানে হেডফোন দিয়ে শুনছিলেন গান, ট্রেনের ধাক্কায় নিথর সাগর
ফাইল ছবি

২৬ বছর বয়সী সাগর। সন্ধ্যায় রেললাইনের পাশে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন তিনি। এ সময় পার্বতীপুরগামী উত্তরা ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। 

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নওগাঁয় আত্রাইয়ে। নিহত সাগর রাজশাহীর বাঘা উপজেলার আরিফপুর মিয়াবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে।

নিহত সাগরের শ্বশুর বাহাদুর শেখ বলেন, তিন মাস ধরে সাগরসহ পাঁচজন খেঁজুর গাছ থেকে রস সংগ্রহ, গুড় তৈরি ও বিক্রির জন্য আত্রাই রেলস্টেশন (পুরাতন) সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে বসে গান শোনেন সাগর। শনিবার সন্ধ্যাতেও কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলেন সাগর। পরে অনেক সময় পার হলেও ফিরে না আসায় তার খোঁজাখুঁজি করতে থাকি। একপর্যায়ে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাগরের মোবাইল উদ্ধার করা হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ওসি মোক্তার হোসেন বলেন, মাথায় ও পায়ে আঘাত পেয়ে সাগরের মৃত্যু হয়েছে। এছাড়া ডান কানের ওপরেও আঘাতে চিহ্ন রয়েছে। মরদেহ আত্রাই থানায় নেয়া হয়েছে। রোববার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!