উখিয়ায় রোহিঙ্গা ভুয়া চিকিৎসকের জমজমাট মাদক ব্যবসা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অবৈধ ফার্মেসিতে বসে চিকিৎসার নামে মাদক ব্যবসা করছেন ৬০ থেকে ৭০ রোহিঙ্গা ভুয়া চিকিৎসক। তারা একদিকে দিচ্ছেন অপচিকিৎসা। অন্যদিকে ফার্মেসির আড়ালে চালাচ্ছেন ইয়াবা ও আইসের ব্যবসা।
স্থানীয়রা জানান, কুতুপালং বাজারের রোহিঙ্গা ভুয়া চিকিৎসক খোরশেদ ও বালুখালী বলি বাজারের নুরুল ইসলামের নেতৃত্বে চলছে ইয়াবা ও আইস ব্যবসা। তবে গত আগস্ট মাসে পালংখালী ও কুতুপালং থেকে দুই রোহিঙ্গা ভুয়া চিকিৎসককে ইয়াবা ও টাকাসহ আটক করেন র্যাব সদস্যরা।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, শতশত রোহিঙ্গা প্রকাশ্যে ফার্মেসি খুলে অপচিকিৎসা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
.png)
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন সজীব জানান, এসব অবৈধ ফার্মেসি ও রোহিঙ্গা চিকিৎসক খোরশেদসহ যারা এসব অপকর্ম করছেন, তাদের আইনের আওতায় আনা হবে।
ঔষধ প্রশাসনের জেলা তত্ত্বাবধায়ক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা অনিল দে জানান, স্থানীয়দের যোগসাজশে রোহিঙ্গা ভুয়া চিকিৎসকরা ওষুধ নিয়ে ছেলেখেলা করছে। রোহিঙ্গা ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে।