ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রংপুরে মঙ্গলবার সাধারণ ছুটি

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৭, ২৭ ডিসেম্বর ২০২২
রংপুরে মঙ্গলবার সাধারণ ছুটি
ফাইল ছবি

রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মেহেদী-উল-সহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রসিক নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর সব সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

তৃতীয়বারের মতো এবার রংপুর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার ২২৯টি কেন্দ্রের ১ হাজার ৩৪৯টি কক্ষে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে টানা ভোটগ্রহণ চলবে।

Advertisement

এখানকার সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে। রংপুর সিটিতে ভোটার রয়েছেন চার লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে নারী দুই লাখ ১৪ হাজার ১৬৬ জন, পুরুষ দুই লাখ ১২ হাজার ৩০৩ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!