ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

জিপিএ-৫-এর পাশাপাশি শুদ্ধাচার ও স্বাস্থ্যে গুরুত্ব দিতে হবে: জিয়াউদ্দিন হায়দার

আতিকুর রহমান, ঝালকাঠি ॥
প্রকাশিত: ১৯:০৪, ১৯ অক্টোবর ২০২৬
জিপিএ-৫-এর পাশাপাশি শুদ্ধাচার ও স্বাস্থ্যে গুরুত্ব দিতে হবে: জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে জিপিএ ৫ প্রাপ্তদের সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এসএম জিয়াউদ্দিন হায়দার। ছবি: ডেইলি বাংলাদেশ

শুধু পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করলেই চলবে না, শিক্ষার্থীদের শুদ্ধাচার, স্বাস্থ্য ও পুষ্টির প্রতিও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণের পাশাপাশি বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনে উৎসাহিত হতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক জেলা পর্যায়ের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে জিয়াউদ্দিন হায়দার বলেন, আজ তিনি একঝাঁক উজ্জ্বল নক্ষত্রের মাঝে বসে আছেন। তাদের মধ্যে কবি কামিনী রায় ও কবি জীবনানন্দ দাশের মতো প্রতিভা রয়েছে। এই সাফল্য ধরে রাখার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে স্বাস্থ্য, পুষ্টি ও শুদ্ধাচার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। পুষ্টির চাহিদা পূরণে বাড়ির আঙিনায় সবজি চাষ এবং হাঁস-মুরগি পালনের অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, নিজেদের উন্নতির পাশাপাশি অন্যদেরও এগিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে। শিক্ষার্থীদের মধ্যে যাদের বিশেষ প্রতিভা রয়েছে, তাদের বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি ময়লা-আবর্জনার ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জিয়াউদ্দিন হায়দার বলেন, নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাদের অর্জনের মাধ্যমে ঝালকাঠি আরও আলোকিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু ছাইদ।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য ধরে রাখা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
ট্যাগ: ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!