ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বরযাত্রী নিয়ে নৌকাডুবি, ২০ ঘণ্টা পরও খোঁজ মেলেনি শিশুর

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৫, ২৯ ডিসেম্বর ২০২২
বরযাত্রী নিয়ে নৌকাডুবি, ২০ ঘণ্টা পরও খোঁজ মেলেনি শিশুর
শিশুটিকে উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বরযাত্রী নিয়ে নৌকাডুবির ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ১১ বছর বয়সী শিশু মোহনী আক্তারের। তবে ডুবুরিরা নিখোঁজের সন্ধানে কাজ করছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মোহনীর কোনো সন্ধান মেলেনি। এদিন সকালে শিশুটিকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে অভিযান শুরু করেন রংপুর থেকে আসা ডুবুরিরা।

নিখোঁজ মোহনী গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

Advertisement

স্থানীয়রা জানায়, বুধবার গাইবান্ধা শহরের মধ্যপাড়া এলাকার মানিক মিয়ার সঙ্গে ফুলছড়ির আদর্শ গ্রামের রাশেদা আক্তারের বিয়ে হয়। বিয়ে শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌকায় চড়ে সাঘাটা উপজেলার সুইট চেয়ারম্যানের বাড়ির ঘাটে ফিরছিলেন ৪০ বরযাত্রী। নদীতে ঘন কুয়াশার কারণে ফুলছড়ি-সাঘাটা উপজেলার সীমান্ত এলাকা চৌভাগিয়া এলাকায় বরযাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দেয় আরেকটি নৌকা। এতে নৌকাটি ডুবে যায়।

এ সময় নৌকায় থাকা যাত্রীরা নদীর তীরে উঠতে পারলেও মোহনী তলিয়ে যায়। এছাড়া কনেসহ চারজন আহত হন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, সকাল থেকে নিখোঁজ শিশুটির উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা। বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!