মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কাঁঠালপোতা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার তিন জন হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকান্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিস, একই উপজেলার চরগোয়াল গ্রামের গোলাম মোস্তফার ছেলে বকুল এবং মহেশপুর উপজেলার ঠান্ডু মিয়ার ছেলে অপু। আহত তিনজনকে মেহেরপুর সদর থানা পুলিশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ঐ এলাকার তালুক নামে এক ব্যক্তির একটি মোটরসাইকেল চুরি করে তিন জন পালিয়ে যাচ্ছিলেন। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করেন। পরে কাঁঠালপোতা ব্রিজের নিকট গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। এ সময় গ্রামবাসী তাদের গণপিটুনি দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
.png)
সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের মেম্বার আশাদুল ইসলাম আশা বলেন, দুই মাস ধরে পিরোজপুর গ্রামে চুরির সংখ্যা বেড়ে গেছে। সম্প্রতি এ গ্রামে পরপর তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে। কয়েকদিন আগেও একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ফুটেজ দেখে ঐ তিনজনের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ঐ চোরকে দেখে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। মেহেরপুর সদর থানার পুলিশ তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।
মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মেহেরপুরে হঠাৎ করে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। কাঁঠালপোতা গ্রামে চোর সন্দেহে তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হচ্ছে- এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে। পরে তাদের মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।