ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ৪ জানুয়ারি ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ আব্দুস শুক্কুর (২৮) নামে এক যুবককে আটক করেছে এপিবিএন সদস্যরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে। আটক আব্দুস শুক্কুর টেকনাফের হোয়্যাইকং ইউপির ৩ নম্বর ওয়ার্ডের লম্বা বিল এলাকার আব্দুর রহিমের ছেলে।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার মধ্যরাতে খবর আসে কিছু অস্ত্রধারী দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে গোলাগুলি করছে। এ সংবাদের ভিত্তিতে ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার উক্য সিংয়ের নেতৃত্বে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার জালাল উদ্দিন ভূঁইয়া, পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান, আনোয়ার কামাল, এসআই শেখ মো. ইয়াছিন ও আব্দুল মোমেন ক্যাম্প-৮ ইস্টে ডিউটিরত অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।

Advertisement

এ সময় সন্দেহভাজন হিসেবে আব্দুস শুক্কুরকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!