ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৫ জানুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়া দুদকের করা পৃথক ‍দুইটি দুর্নীতির মামলায় আব্দুর রহিম নামে সাবেক এক কর্মকর্তার ছয় বছর এবং চার বছরসহ মোট ১০ বছরের বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ লাখ ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ১০ ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জয়পুরহাট সদর উপজেলার বুলুপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণ পুর শাখার গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু।

Advertisement

জানা যায়, আসামি আব্দুর রহিমকে পেনাল কোডের ৪০৯ ধারাধীন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার অপরাধে ছয় বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারাধীন অপরাধমূলক অসদাচরণের অভিযোগে চার বছর সশ্রম কারাদণ্ড ও বিশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দশ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

২০১১ সালের ৪ ডিসেম্বর হতে ২০১২ সালের ৪ নভেম্বর পর্যন্ত আব্দুর রহিম কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণ পুর শাখার গ্রামীণ ব্যাংকের কেন্দ্র ব্যবস্থাপক ছিলেন। দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় তিনি বিভিন্ন গ্রহীতার নিকট হতে ১০ লাখ ৮৯ হাজার ২০৪ টাকা আদায় করেন। তৎকালীন সময় ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিকট ঐ টাকা হস্তান্তর না করে অবৈধভাবে নিজেই আত্মসাৎ করেন আব্দুর রহিম। এ অভিযোগে ২০১৫ সালের ৩১ মার্চ তার বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলাটি করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের কুষ্টিয়ার তৎকালীন উপ-পরিচালক শহীদুল ইসলাম মোড়ল।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!