ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা ছিনতাইসহ চালককে হত্যায় গ্রেফতার ৩

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৯, ১১ জানুয়ারি ২০২৩
অটোরিকশা ছিনতাইসহ চালককে হত্যায় গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীতে অটোরিকশা ছিনতাইসহ চালক খুনের ঘটনায় তিনজন গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার জাকির হাসান।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি ইটের ভাঙা অংশ ও রক্তমাখা ব্যাগ, লুণ্ঠিত ৩০ হাজার টাকার মধ্যে ২০ হাজার ৯শ’ টাকা, ১টি বেসলেট, লুণ্ঠিত টাকা দিয়ে কেনা ১টি সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ১টি রুপার চেইন, পৃথক ঘটনায় ছিনতাইকৃত ১টি মোবাইল। এ মামলার ঘটনায় ১টি অটোরিকশা ও পৃথক ঘটনায় ছিনতাইকৃত ২টি অটোরিকশা।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অং প্রু মারমা, ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আনোয়ারুল আজিম।

Advertisement

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউপির সুবলপুর গ্রামের অটোরিকশাচালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) লেমুয়া খাইয়ারা বাজার থেকে তার ছেলের পাঠানো ৩০ হাজার টাকা বিকাশ থেকে উত্তোলন করে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে অপেক্ষমান ছিলেন। অপেক্ষায় থাকা যাত্রীবেশী একজন অজ্ঞাত ব্যক্তি হাতে বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউপিস্থ বাগের পুকুর পাড় যাওয়ার উদ্দেশ্যে কালা মিয়ার অটোরিকশা ভাড়া করেন।

রিকশাচালক যাত্রীকে নিয়ে রাগের পুকুর পাড় কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা অজ্ঞাত ওই দুস্কৃতিকারী সুযোগ বুঝে বাজারের ব্যাগ থেকে ইট বের করে রিকশাচালক কালা মিয়ার মাথায় আঘাত করে অটোরিকশা ও চালকের সঙ্গে থাকা ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে অটোরিকশাচালক আবুল হোসেন কালাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তিনি মারা যান। এ বিষয়ে নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনসহ তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিয়ের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে একাধিক অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বোগদাদীয়ার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রাসেল মিয়া চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনায় জড়িত নুর নবীকে (২৫) গ্রেফতার করেন। গ্রেফতার নুর নবী ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের মমিনুল হকের ছেলে। এ সময় সীতাকুণ্ড থেকে অপর সহযোগী জিয়াউর রহমান (৪২), ইউসুফকে (৫৫) গ্রেফতার করে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী হত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!