রাজশাহী-নাটোর রুটে ৪ ঘণ্টা পর বাস চলাচল শুরু
টানা চার ঘণ্টা রাজশাহী ও নাটোর রুটে বাস চলাচল বন্ধ থাকার পর আবারো বাস চলাচল শুরু হয়েছে। টানা চার ঘণ্টার বিরতির কারণে কিছুটা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
দুই জেলার বাস শ্রমিকদের মধ্যে মারামারির জেরে বুধবার সকাল ১০টার দিকে বাস চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। পরে দুই পক্ষের মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর আবারো দুপুর ২টার দিকে বাস চলাচল শুরু হয়।
এ ব্যাপারে কথা হয় রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হকের সঙ্গে। তিনি বলেন, সামান্য ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। পরে এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর বেলা ২টা থেকে বাস চলাচল শুরু হয়েছে।
.png)
এদিকে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠন সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে রাজশাহী ও নাটোরের বাসচালকের সহকারীর মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। রাতেই নাটোর থেকে রাজশাহীর দিকে বাস চলাচল বন্ধ করার ঘোষণা দেয় নাটোরের বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
যদিও সকালে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। তবে নাটোর থেকে বাস ফিরিয়ে দেওয়া হয় এবং বাসের এক শ্রমিককে মারধর করা হয়। এ সময় রাজশাহীর বাসও চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুই পক্ষের আলোচনার পর দুপুর ২টার দিকে দুই জেলার মধ্যে বাস চলাচল স্বাভাবিক হয়।