ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬৪ দিনে ৬৪ জেলা হেঁটেই ভ্রমণ করলেন ইউসুফ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১২ জানুয়ারি ২০২৩
৬৪ দিনে ৬৪ জেলা হেঁটেই ভ্রমণ করলেন ইউসুফ
ইকবাল মন্ডল ওরফে ইউসুফ

রাজবাড়ীর কালুখালীর যুবক ইকবাল মন্ডল ওরফে ইউসুফ (২২)। পায়ে হেঁটে ৬৪ দিনে ৬৪ জেলা ভ্রমণ করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসে তিনি তার পথযাত্রা শেষ করেন। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এই যুবক। পড়ে তার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও স্বজনরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর হাঁটা শুরু করেন ইকবাল মন্ডল। ইউসুফ রাজবাড়ীর কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে।

Advertisement

খোঁজ নিয়ে জানা গেছে, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, জীবন বাঁচাতে রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পথযাত্রা শুরু করেন ইকবাল মন্ডল। সেই ধারাবাহিকতায় ৬৪ দিনে দেশের ৬৪ জেলার তিন হাজার ৩৬০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বৃহস্পতিবার রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পৌঁছান।

ইউসুফ মন্ডল বলেন, দীর্ঘ এ পথযাত্রায় তিন হাজার ৩৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। পথে তেমন কোনো বাধার সম্মুখীন হইনি। স্থানীয় প্রশাসনসহ সবাই অনেক সহযোগিতা করেছেন।

আগামীতে পৃষ্ঠপোষকতা পেলে আইরন ম্যান শিফট প্রতিযোগিতায় অংশগ্রহণ, রাজবাড়ী থেকে হিমালয় পর্বত এবং ১৭ দেশের মধ্যদিয়ে প্রবাহিত বিশ্বের সবচেয়ে বড় রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করার পরিকল্পনা রয়েছে ইউসুফের।

এরআগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ী পায়ে হেঁটে আসেন ইউসুফ।

স্থানীয় রকিব উদ্দিন খান মামুন ও নেহাল আহম্মেদ বলেন, ইউসুফ রাজবাড়ীর গর্ব। স্বল্প সময়ে তিনি ৬৪ জেলা হেঁটে সুস্থ-স্বাভাবিক অবস্থায় রাজবাড়ীতে এসেছে। এটা প্রশংসনীয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!