[ দেশজুড়ে ]
পুরো ঘরে আগুন, একমাত্র দরজা দিয়ে বের হতে পারেননি কেউ
দগ্ধ খোকন বসাক
বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সেমিপাকা ঘরে থাকতেন অটোরিকশাচালক খোকন বসাক। তিন কক্ষবিশিষ্ট ঘরটিতে বের হওয়ার দরজা ছিল মাত্র একটি। রান্নাঘরের চুলা থেকে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে দগ্ধ হয়ে প্রাণ হারান খোকনের বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান। পুড়ে যায় তার অটোরিকশাটিও।
বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউপির তিন নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক, মা ললীতা বসাক, স্ত্রী লাকী বসাক, ছেলে সৌরভ বসাক ও মেয়ে শয়ন্তী বসাক। এ সময় দগ্ধ হন খোকন বসাক। তার শরীর ৪০ শতাংশের বেশি পুড়ে গেছে। তিনি শঙ্কামুক্ত নন। কথা বলতে পারছেন না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় একজনকে হাসপাতালে পাঠানো হয়। সেমিপাকা ঘরটির রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!