একাধিক রাত কাটিয়ে অন্যত্র বিয়ে, মাকে নিয়ে প্রেমিকের ঘরে প্রেমিকা
শেরপুরের শ্রীবরদীতে প্রেমিকের সঙ্গে সংসার বাঁধতে মাকে নিয়ে অনশন করছেন প্রেমিকা। তবে প্রেমিকা আসার পর পালিয়েছেন প্রেমিক। গা ঢাকা দিয়েছেন তার পরিবারের লোকজনও।
শুক্রবার বিকেলে পৌর শহরের সাতানি শ্রীবরদী মহল্লার আব্দুস সাত্তারের বাড়িতে অনশনে বসেন তিনি। প্রেমিকের নাম জাসরুল ইসলাম। ভুক্তভোগী প্রেমিকা উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামের বাসিন্দা।
প্রেমিকা জানান, প্রায় এক বছর আগে জাসরুলের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যান জাসরুল।
তিনি বলেন, জাসরুলের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এখন আমাকে বিয়ে না করলে আমি কোথায় যাব। এজন্য অনশন করছি। এখানে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছেন তার মা। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে।
ভুক্তভোগী তরুণীর মা বলেন, বিয়ের কথা বলে আমার মেয়েকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল জাসরুল। আমার মেয়ের সঙ্গে অনেক সময় রাত কাটিয়েছে। এখন আমার মেয়েকে ফেলে অন্যত্র বিয়ে করেছে। তাই আমরা তার বাড়িতে এসেছি।
প্রেমের বিষয়টি অস্বীকার করেন জাসরুলের বাবা আব্দুল সাত্তার। তিনি জানান, ঘটনাটি সাজানো। ছেলেকে হেয়প্রতিপন্ন করতে এ বাড়িতে রয়েছেন তারা।
স্থানীয় কাউন্সিলর শাজাহান কবির বলেন, তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে একসঙ্গে কয়েকটি ছবি দেখিয়েছে। এখন ছেলে পক্ষের কেউ বাড়িতে নেই।