ফেনসিডিলসহ মাদক সম্রাট শিহাব গ্রেফতার
ফেনীতে ফেনসিডিলসহ আব্দুর রহিম শিহাব (৩৯) নামের এক মাদক সম্রাটকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে তাকেসহ গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার চর হাজারী গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুর রহিম শিহাব, একই পৌরসভার বড় রাজাপুর গ্রামের মাজহারুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম সারওয়ার (৪৬) ও দাগনভুইয়া উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে নুরুল হকের ছেলে মো. হুমায়ুন কবির (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের হাসপাতাল মোড়ে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি করে। এ সময় ছাগলনাইয়া থেকে ফেনীর দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের তল্লাশি করে তিনজনের পকেট থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় নম্বরবিহীন সিএনজিটি জব্দ করে তিন যাত্রীকে গ্রেফতার করা হয়।
.png)
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক সম্রাট শিহাবের বিরুদ্ধে ফেনী ও নোয়াখালীতে ৫ ও সারওয়ারের নামে ২টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে রাতে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।