অপমান সইতে না পেরে প্রাণ দিলেন প্রেমিক, গ্রেফতার ২
যশোরের মণিরামপুরে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পারভেজ হোসেন নামে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অপমান সইতে না পেরে ঐ যুবক বিষপান করেন।
রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পারভেজ হোসেন মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পারভেজ নানা বাড়ি থেকে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
এদিকে যুবককে মারপিট ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মণিরামপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন ঐ যুবকের নানা সিদ্দিক ব্যাপারী। এ ঘটনায় মেয়ের বাবা ইমরান হোসেন ও নানা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য তিন আসামি হলেন- মিজানুর রহমান, মেয়ের দাদা আব্দুল করিম ও চাচা কামরুল ইসলাম।
.png)
মামলার বাদী সিদ্দিক ব্যাপারী জানান, একই শ্রেণিতে পড়ুয়া বাড়ির পাশের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পারভেজের। সেই সম্পর্কের জেরে এক সপ্তাহ আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় পারভেজ। এর দুইদিন পর গত সোমবার ঝিকরগাছা থেকে দুইজনকে ধরে আনেন মেয়ের স্বজনরা। এরপর রহমানের বাড়িতে আমগাছে বেঁধে পারভেজকে মারপিট করেন আসামিরা। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে চিকিৎসা করান।
তিনি আরো জানান, অপমান সইতে না পেরে গত শুক্রবার দুপুরে বিষপান করে পারভেজ। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, মারপিটের পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।