বাইকে ২৯ দেশ পেরিয়ে রোমানিয়ান তরুণী এখন সাতক্ষীরায়
রোমানিয়ান তরুণী এলেনা। পুরো বিশ্ব ঘুরে দেখতে চান তিনি। এরই মধ্যে ২৯টি দেশ ভ্রমণ করেছেন। সবশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এলেনা।
দুইদিন আগে বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন তিনি। সাতক্ষীরা শহরের অদূরে বিণেরপোতা এলাকার ঋশিল্পী ইন্টারন্যাশনাল নামে একটি বেসরকারি সংস্থায় থাকছেন তিনি।
এর এক মাস আগে, এলেনার বন্ধু আন্দ্রেয়া ইতালি থেকে মোটরসাইকেলে চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন। আন্দ্রেয়া ঋশিল্পী ইন্টারন্যাশনাল সংস্থাটির একজন দাতা। আন্দ্রিয়ার আহ্বানে এলেনা বাংলাদেশে এসেছেন। এছাড়া গত মঙ্গলবার এলেনা ও আন্দ্রেয়ার আহ্ববানে তাদের বন্ধু ইলেরিও ভারত থেকে সাতক্ষীরায় এসেছেন।
বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে এলেনা জানান, তিনি একজন বিশ্ব ভ্রমণকারী। তিন বছর ধরে ভ্রমণ করছেন তিনি। এরই মধ্যে ২৯টি দেশ ভ্রমণ করেছেন। বাংলাদেশের সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে।
এলেনা পেশায় একজন নাট্যকার ও রোমানিয়ার স্বাস্থ্যকর্মী। এক মাসের ভিসা রয়েছে তার। আগামী ১৫ দিন এখানে থাকার ইচ্ছা রয়েছে তার।
এ বিষয়ে ঋশিল্পী ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার মাহমুদুর রহমান জানান, আন্দ্রেয়া সাতক্ষীরার কাকলি নামে এক মেয়েকে লেখাপড়ার জন্য সহযোগিতা করতেন। এক মাস আগে সাতক্ষীরায় আসেন ইতালির নাগরিক আন্দ্রেয়া। আন্দ্রেয়ার আহ্বানে তার বন্ধু রোমানিয়ার নাগরিক এলেনা সাতক্ষীরায় এসেছেন।