ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জাটকা বিক্রির দায়ে ৩ জনের জরিমানা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৩
জাটকা বিক্রির দায়ে ৩ জনের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলায় জাটকা বিক্রির দায়ে ৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থল থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মস্তফাপুর ও মঠের বাজার এলাকার মৎস্য আড়তে এ অভিযান চালান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন। অভিযানে জব্দকৃত ৫ মণ জাটকা স্থানীয় ১০টি এতিমখানায় বিতরণ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহ-আলম (৪৫), ঝিকড়হাটি এলাকার নূরু দর্জি (৪৫) ও চরগোবিন্দপুর এলাকার এমদাদ বয়াতী (৪৭)। তাদের তিনজনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ও মঠের বাজার এলাকার মৎস্য আড়তে একটি যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে প্রায় ২০০ কেজি জাটকা জব্দ করা হয়। পাশাপাশি জাটকা বিক্রির ও সরবরাহের দায়ে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। পরে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তপন মজুমদার বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ইলিশ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের সবার উচিত মা ইলিশ ও জাটকা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন বলেন, জাটকা ইলিশ ক্রয়-বিক্রয় দুটিই নিষিদ্ধ। যারা এর সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দের পাশাপাশি ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছি। আমাদের এ অভিযান সবসময় অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, জাটকা ইলিশ রক্ষায় গত ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত নদ-নদীতে জাটকা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এই ৮ মাস জাটকা পরিবহন, বিক্রি ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে বড় আকারের ইলিশ ধরতে কোনো বাধা নেই। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!