ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাত্রীবাহী বাসে মিলল ২০ সোনার বার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৩
যাত্রীবাহী বাসে মিলল ২০ সোনার বার
আটককৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর সৈয়দপুরে দুইটি বাসে অভিযান পরিচালনা করে ২০টি সোনার বার এবং পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই নারীসহ চারজনকে আটক করা হয়।

শনিবার দুপুরে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় দিনাজপুরগামী দুইটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোনার বারসহ আটককৃতরা হলেন- মানিকগঞ্জের গোবিন্দল সিংগাইর এলাকার সুমন আলীর ছেলে আব্দুর রহিম এবং একই এলাকার নুরুল্লাহর ছেলে মোহাম্মদ উল্লাহ। গাঁজাসহ আটককৃতরা হলেন- পঞ্চগড়ের মোছা. সুমি বেগম এবং বাগেরহাটের মোছা. হাবিবা বেগম।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর এলাকায় দিনাজপুরগামী সব যানবাহনে তল্লাশি শুরু করা হয়। এ সময় নাবিল পরিবহনের একটি বাসে পাশাপাশি দুইটি সিটে বসে থাকা দুইজনকে তল্লাশি করার সময় তাদের বেল্টের সঙ্গে লাগানো ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে এসে তাদের পুরো শরীর তল্লাশি করে আরো পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। একই সময় সাগরিকা এক্সপ্রেসের একটি বাসে তল্লাশি চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়। এ ঘটনায় সৈয়দপুর থানায় সোনা চোরাচালান রোধ আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃত চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে ২০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। এছাড়া পৃথকভাবে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!