ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকছড়িতে বিপুল আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ আটক ৫

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
মানিকছড়িতে বিপুল আগ্নেয়াস্ত্র গোলাবারুদসহ আটক ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাঁচজনকে আটক করেছে যৌথবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষ্মীছড়ি সেনা জোনের অধীনস্থ তিনটহরী ইউনিয়নের সীমান্তবর্তী দুইল্যাছড়ি ও বটতলীর গহীন অরণ্যে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

শনিবার ভোরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন গুইমারা রিজিয়নের একদল চৌকষ সেনাবাহিনীর সদস্য। টানা ১০ ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, গহীন অরণ্যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর চাঁদাবাজি ও সশস্ত্র অবস্থানের গোপন তথ্যে শনিবার ভোরে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি ও লক্ষ্মিছড়ি জোনের সেনাবাহিনী ও ফটিকছড়ি থানার পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে। সকাল ১১টার পর নির্জনের একটি বসতঘরে লুকিয়ে থাকা এবং চৌকির নিচে স্তুপ করে রাখা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সশস্ত্র সংগঠন মগ লিবারেশন পার্টির পাঁচজনকে আটক করা হয়।

Advertisement

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মধ্যে একে-৪৭ একটি, মর্টার চারটি, পয়েন্ট ২২ মি.মি. রাইফেল একটি, এম-১ একটি, ইউনিফর্ম পাঁচ জোড়া, চায়না পিস্তল একটি, এলজি শর্ট ব্যারেল একটি, এলজি এ্যামো. ৩৬ রাউন্ড, একে-৪৭ এ্যামো-৭ রাউন্ড, এম-১ এ্যামোনিশন-২৪ রাউন্ড, মোবাইল সেট ছয়টি, ভারতীয় মুদ্রা ১১০ রুপি, ওয়াকিটকি দুটি, বাউন্ডার ছয়টি, মাইন তৈরির সরঞ্জামাদি ও কাঁচের বোতল ৩৭টি।

পরে দুপুর সাড়ে ১২টায় আটক সন্ত্রাসী ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র মানিকছড়ি সেনা ক্যাম্পে আনা হয়। সেখানে সন্ত্রাসী ও উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের ছবি ও বিবরণ উপস্থাপন করা হলেও সন্ত্রাসীদের নাম-ঠিকানা নিশ্চিত করতে পারেনি যৌথবাহিনী।

ফটিকছড়ি থানা ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বটতলী এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্টীর অবস্থানের খবরে যৌথবাহিনীর অভিযানে আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাসহ পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!